সায়েদাবাদে যাত্রীর চাপ কম, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
![]() |
| শিশুকে কাঁধে ও দুই হাতে দুই ব্যাগ নিয়ে ঈদযাত্রার প্রস্তুতি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পবিত্র ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনেই বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। তবে সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম। এর মধ্যেই বেশ কয়েকটি রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড় এবং যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বেশির ভাগ জায়গায় যাত্রীরা বাসের অপেক্ষায় থাকলেও তেমন ভিড় নেই। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম ও রায়পুরা রুটের বাসগুলোয় যাত্রী সংখ্যা কম দেখা গেছে।
![]() |
| যাত্রাবাড়ীতে ঈদে ঘরমুখী মানুষের ভিড়। আজ মঙ্গলবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দুপুর ১২টার দিকে জনপদ মোড়ে বরিশাল-ফরিদপুর রুটে চলাচলকারী গোল্ডেন লাইন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় মাহবুবুর রহমান নামে ফরিদপুরগামী এক যাত্রী অভিযোগ করেন যে, তাঁর মালামাল পরিবহনের জন্য বাড়তি ৩০০ টাকা আদায় করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা থেকে খুলনাগামী আরমান এন্টারপ্রাইজ একেক যাত্রীর কাছ থেকে একেক রকম ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাসটির দুই যাত্রী। এই পথে স্বাভাবিক সময়ের ভাড়া ৫০০ টাকা হলেও এক যাত্রীর কাছ থেকে ৬০০ টাকা এবং অন্যজনের কাছ থেকে ৭৫০ টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে বাসের দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ৫০০ টাকাই নিই। কাউন্টার থেকে বা অনলাইনে টিকিট কাটলে হয়তো বেশি নেয়।’
একই পথে চলাচল করা মদিনা ক্ল্যাসিক পরিবহনে যাত্রী সেজে ভাড়া জানতে চাইলে এই প্রতিবেদকের কাছে ৭০০ টাকা চাওয়া হয়। পরে সাংবাদিক পরিচয় দিয়ে বেশি ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে বাসের কর্মী বলেন, তিনি ভুল করে ৭০০ টাকা বলে ফেলেছেন।
![]() |
| শিশুকে নিয়ে বাসে উঠছেন এই অভিভাবক। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
অন্যদিকে বেশ কিছু পরিবহন সংস্থা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কমে টিকিট বিক্রি করছে বলে দাবি করেছে। এর কারণ হিসেবে তারা যাত্রীসংকটের কথা উল্লেখ করেছে। ঢাকা থেকে সিলেটগামী মোবারক পরিবহন কাউন্টারের পরিচালক বলেন, ‘সরকারি ভাড়া ৭০০ টাকা হলেও আমরা ৬০০ থেকে ৬৫০ টাকা নিচ্ছি।’
এদিকে যাত্রীসংকটের কারণে হতাশা প্রকাশ করেছেন পরিবহন কর্মীরা। ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি পরিবহনের কর্মী বলেন, ঈদের সময় সাধারণত যেমন ভিড় থাকে, এবার এখনো তেমন চাপ তৈরি হয়নি। পোশাক কারখানাগুলো পুরোপুরি ছুটি হলে হয়তো যাত্রী সংখ্যা কিছুটা বাড়তে পারে।
তবে ঈদযাত্রাকে কেন্দ্র করে সায়েদাবাদ-যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে।



Comments
Comments