মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
| পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি |
মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার মাইলমারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো—মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩)।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সবাই ঘরবাড়ি পরিষ্কার ও ধান ভাঙানোর কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে ইউসুফ ও আদিব বাড়ির আঙিনা থেকে পাশের পুকুরপাড়ে চলে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শিশু আদিব হোসেনের চাচা মিয়ারুল ইসলাম বলেন, শিশুরা সাধারণত বাড়ির উঠানেই খেলাধুলা করে। পরিবারের সদস্যরা সব সময় তাদের নজরে রাখেন। কিন্তু সামনে ঈদ, তাই বাড়িতে ধান ভাঙা ও ঘর গোছানোর কাজে সবাই খুব ব্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এই ফাঁকে তারা সবার অগোচরে পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
Comments
Comments