৪ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
![]() |
| চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি। আজ রোববার সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার-সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চার দফা দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গাজীপুর মহানগরের বোর্ডবাজার সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার শাখা কর্মকর্তা মিয়াজ উদ্দিন জানান, কর্মকর্তা-কর্মচারীদের চারটি দাবি হলো—আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া, বেতনকাঠামো সমন্বয় করা, আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল করা।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরে সরকার পতনের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তাঁরা চাকরিতে পুনর্বহাল হন। তবে আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাঁদের পাওনা সুবিধাগুলো দিচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন। তাঁরা আরও জানান, প্রায় ৯ মাস ধরে বিষয়টি সমাধানের অপেক্ষায় থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। আন্দোলনকারীরা ঈদের আগেই এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন বলেন, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

Comments
Comments