মাদকবিরোধী প্রতিবাদে শান্তিবাগে রিকশাচালকের মৃত্যু
| ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
রাজধানীর শান্তিবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সেকান্দার (৩২) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেকান্দারের বড় ভাই আমির আলী অভিযোগ করেন, তাঁর ভাই রিকশা চালাতেন এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাজে বাধা দিয়েছিলেন। ঘটনার আগের দিন রোববারও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সেকান্দারের কথা-কাটাকাটি হয়। এরপর সোমবার রাতে সেকান্দার রিকশা নিয়ে ভাঙারি গলি দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর মাথা, হাত ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
নিহত সেকান্দারের স্বজনেরা জানান, গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Comments
Comments