ছাগলনাইয়ায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে যুবদল কর্মীর মৃত্যু
![]() |
| সংঘর্ষে নিহত যুবদল কর্মী আবু আহাম্মদ | ছবি: সংগৃহীত |
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণ যুবদলের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া এলাকার একটি মসজিদের পাশে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু আহাম্মদ (৩৭)। তিনি পূর্ব শিমুলিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। স্থানীয় লোকজনের দাবি, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এই সংঘর্ষে একই গ্রামের জানে আলমের ছেলে আলাউদ্দিন (৩০) ও নিহত ব্যক্তির বড় ভাই নূরুল আলম (৪০) আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল। এ নিয়ে এলাকায় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে মাটি কাটাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন গুরুতর আহত হন।
সংঘর্ষের পর তিনজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা সাধারণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আবু আহাম্মদকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নূরুল আলম ফেনী সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, মধ্যরাতে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা সাধারণ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, সম্প্রতি কৃষিজমির মাটি কাটা বন্ধে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু কঠোর অবস্থান নেন। তবে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী তা মানছেন না। তাঁরা রাতের আঁধারে যন্ত্র দিয়ে মাটি কেটে ইটভাটায় সরিয়ে নিতেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, নিহত ব্যক্তি বিএনপির কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন। এ ছাড়া রাতের আঁধারে মাটি কাটার ঘটনায়ও বিএনপির কেউ জড়িত নন। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন চক্র এই কাজে জড়িত রয়েছে।

Comments
Comments