ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান বাংলাদেশের
![]() |
| পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য |
যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে ইরান সংকটের সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
যুদ্ধ কবে বন্ধ হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, যুদ্ধ বন্ধ হওয়া এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমনকি এটি তাদের একার সিদ্ধান্তও নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্য এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রভাব পড়বে, তা সহ্য করা অসম্ভব।
বৈঠকের আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথে ইরান সংকটের সমাধান খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে।
তিন দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার শুরুতে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করেন।
পরবর্তীতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পল কাপুরের। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁর সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তাড়াহুড়ো করে চুক্তি করা হয়েছে—এ কথা ঠিক নয়। বরং এনসিপি ও জামায়াতে ইসলামী—উভয় দলের সঙ্গেই এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

Comments
Comments