জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
![]() |
| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমীন জাহান হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ সোমবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কের এক পাশে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ পরিবার’ সোমবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে।
বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা জড়ো হন। পরে তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শহীদ মিনার সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি আবদুর রশিদ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সোহাগী সামিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। গত দেড় বছরে অনেকগুলো ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও সেগুলোর দৃষ্টান্তমূলক কোনো বিচার হয়নি। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানা ঘেরাও করা হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব।’
আহসান লাবিব বলেন, ‘ক্যাম্পাস ও এর আশপাশে অপরাধ বাড়ছে, কিন্তু তা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর পরিকল্পনা নেই। বিচার না হওয়ার সংস্কৃতিই অপরাধ বাড়ার অন্যতম কারণ। আমরা সরকারের কাছে শারমীন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি সারা দেশে সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
জাকসুর সহসভাপতি আবদুর রশিদ বলেন, শারমীন জাহানের হত্যার বিচার নিশ্চিত করতে ভুক্তভোগীর পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। পুলিশকে দ্রুত ঘটনার প্রকৃত কারণ বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের বাইরে যেসব শিক্ষার্থী থাকেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সাভারে একটি ভাড়া বাসা থেকে গতকাল রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমীন জাহানের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। শারমীন চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। তাঁর স্বামী ফাহিম আল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে। ঘটনার পরপরই ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে গতকাল রাতে শারমীনের চাচা মনিরুল ইসলামের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Comments
Comments