[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রীপুরে পাওনা টাকা নিতে এসে অপহরণের শিকার বৃদ্ধ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
অপহরণের শিকার ব্যবসায়ী নিজাম শেখ | ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা আদায় করতে গিয়ে অপহরণের শিকার হওয়া ষাটোর্ধ্ব এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করেছে শ্রীপুর থানা–পুলিশ। এ সময় মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের বাসিন্দা ও ফেরি করে কাপড় বিক্রি করা মো. নিজাম শেখের (৬০) সঙ্গে ময়মনসিংহের ভালুকা এলাকার কাপড় ব্যবসায়ী মোসা. শিউলীর ব্যবসায়িক সম্পর্ক ছিল। শিউলীর কাছে নিজাম শেখের চার লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের কথা বলে শিউলী সোমবার নিজাম শেখকে শ্রীপুরের মাওনা এলাকায় আসতে বলেন। ওই দিন রাত ১১টার দিকে নিজাম শেখ মাওনা চৌরাস্তায় পৌঁছালে শিউলী নিজে দেখা না করে কৌশলে তাঁকে একটি অপহরণকারী চক্রের হাতে তুলে দেন।

অপহরণকারীরা নিজাম শেখকে শ্রীপুর থানার বেরাইদের চালা, বৈরাগীর চালা ও মাধখলা এলাকার বিভিন্ন জায়গায় আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে প্রথমে ২০ হাজার টাকা পাঠান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে নিজাম শেখের ছেলে মিজানুর রহমান শ্রীপুর থানায় বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরপরই শ্রীপুর থানার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজাম শেখের অবস্থান শনাক্ত করে। এরপর বুধবার দুপুর সাড়ে ১২টায় শ্রীপুরের মাধখলা গ্রামের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের দুই সদস্য মো. শাহাদত ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে এ ঘটনায় নিজাম শেখের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে মোসা. শিউলী, তাঁর স্বামী মো. কামালসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন