[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জকিগঞ্জে রাস্তার ইট চুরির অভিযোগে যুব জামায়াত নেতাসহ আটক ৬

প্রকাশঃ
অ+ অ-

সিলেটের জকিগঞ্জের কসকনকপুরে লুট হওয়া ইট উদ্ধারে বৃহস্পতিবার দুপুরে টাস্কফোর্স অভিযান চালায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

সিলেটের জকিগঞ্জে সরকারি রাস্তার ইট লুটপাটের অভিযোগে উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন। অভিযানে রাস্তা থেকে লুট হওয়া কয়েক লাখ ইট উদ্ধার করা হয়েছে।

ইউএনও মাসুদুর রহমান বলেন, রাস্তার ইটগুলো ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখতে বলা হয়েছিল। কিন্তু অধিকাংশ ইটই লুট হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটগুলো উদ্ধার করা হয়েছে। আটক ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়েছিল। বর্তমানে সুরমা নদীর বাঁধ মেরামতের জন্য ওই রাস্তায় মাটি ভরাট করা হচ্ছে। এ কারণে প্রশাসন থেকে ইটগুলো তুলে মাদ্রাসার মাঠে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই বিপুল পরিমাণ ইট লুটের ঘটনা ঘটে। গত বুধবার আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি এ বিষয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন।

যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরীর আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তিনি ফেসবুকে ইট লুটপাটের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন। এমনকি বৃহস্পতিবারও তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘লড়াই চলবে। কোন আপোষ নয়! সত্য সুন্দর এবার প্রমানিত হবেই।’

উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এ বিষয়ে বলেন, ‘মাহফুজুলের আটকের বিষয়টি ভুল–বোঝাবুঝি। সে মূলত ইট লুট ঠেকাতে এবং অন্য রাস্তায় ব্যবহারের জন্য নিজের জিম্মায় রেখেছিল। তবে বিষয়টি চেয়ারম্যান বা মেম্বারকে জানিয়ে করলে ভালো হতো। সে আবেগের বশে ভালো মনে করেই কাজটি করতে গিয়েছিল।’

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইট লুটের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন