[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুবি শিক্ষককে অপহরণ করে অর্থ লুট, দাউদকান্দিতে ফেলে গেল দুর্বৃত্তরা

প্রকাশঃ
অ+ অ-
অপহরণের শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক | ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে অপহরণের শিকার হয়েছেন। ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় থাকাকালীন একটি ব্যক্তিগত গাড়িতে আসা চার দুর্বৃত্ত তাঁকে জোরপূর্বক তুলে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

গত বুধবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অপহরণের পর একই দিন বিকেল পাঁচটার দিকে আবদুর রাজ্জাককে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দাউদকান্দির শহীদনগর এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। তারা শুধু টাকা ও মুঠোফোনই নেয়নি, ওই শিক্ষককে জিম্মি করে তাঁর এটিএম কার্ড থেকেও টাকা তুলে নিয়েছে।

এই ঘটনায় গত বৃহস্পতিবার শিক্ষক আবদুর রাজ্জাক কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলা করার পরই বিষয়টি জানাজানি হয়। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে।

ঘটনার বর্ণনা দিয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘বুধবার দুপুরে এক সহকর্মীর গাড়িতে করে আমি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যাই। সেখান থেকে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলাম। এ সময় একটি প্রাইভেট কার এসে আমার সামনে থামে। গাড়িতে থাকা একজন আমাকে জিজ্ঞাসা করেন, আমি উবার কল করেছি কি না। আমি না বলায় তারা দাবি করেন, অ্যাপে নাকি আমার ছবি দেখা যাচ্ছে। কথা বলার মধ্যেই তারা আমাকে জোর করে গাড়িতে তুলে ঢাকার দিকে নিয়ে যেতে থাকে। কুমিল্লা সেনানিবাস পার হওয়ার পর তারা আমার চোখ, হাত ও পা বেঁধে ফেলে।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ১৫ হাজার টাকা নিয়ে নেয়। এটিএম কার্ডের গোপন নম্বর জানতে চাইলে আমি প্রথমে রাজি হইনি। পরে আমাকে মারধর করা হলে বাধ্য হয়ে পাসওয়ার্ড দিতে হয়। একই সঙ্গে তারা আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডও নিয়ে নেয়।’

ভুক্তভোগী শিক্ষক জানান, অপহরণকারী দলে মোট চারজন ছিলেন। তাঁদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন, তাঁর পাশের জন প্রযুক্তি বিষয়ে দক্ষ ছিলেন এবং পেছনের দুজন ছিলেন অস্ত্রধারী। তিনি বলেন, ‘তারা আমাকে দাউদকান্দি এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে নিয়ে যায়। সেখানে চার ধাপে মোট ৮০ হাজার টাকা তোলা হয়। সব মিলিয়ে আমার কাছ থেকে ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নিয়েছে তারা। পরে আমাকে দাউদকান্দির শহীদনগর এলাকায় মহাসড়কের পাশে ফেলে যায়। যাওয়ার আগে তারা আমাকে কয়েকবার গুলি করার ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকি দেয়।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘ঘটনার পর থেকে আমি এখনো চরম আতঙ্কের মধ্যে আছি। থানায় মামলা করেছি। আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন