পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও নেই দীর্ঘ অপেক্ষা
![]() |
| ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। আজ মঙ্গলবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়ছে, তবে যাত্রী ও যানবাহনের চাপ এখনো খুব বেশি নয়। পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর পরপরই যাত্রী ও যানবাহনগুলো ফেরিতে উঠে পড়ছে। লঞ্চঘাটেও তেমন ভিড় দেখা যাচ্ছে না। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।
ঘাট-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সরকারি দপ্তরে ঈদের ছুটি শুরু হয়েছে। ঢাকা, গাজীপুর ও এর আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে ফিরছেন। দূরপাল্লার যানবাহনে যাত্রীরা পাটুরিয়া ঘাটে আসছেন। এরপর ফেরিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পার হয়ে গন্তব্যে যাচ্ছেন। অনেকে লঞ্চেও পার হচ্ছেন। তবে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ এখনো স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার যাত্রীবাহী বাস ঘাটে আসার পর টিকিট সংগ্রহ করে দ্রুত ফেরিতে উঠছে। পাঁচটি ঘাটের মধ্যে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। তবে মূল সড়ক থেকে পন্টুনগুলো নিচু হওয়ায় সংযোগ সড়ক হয়ে ফেরিতে ওঠানামা করতে গাড়িগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। এতে সময় কিছুটা বেশি লাগছে।
ঢাকার সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফরিদপুরের আলফাডাঙ্গার লোকমান হোসেন (৪০)। স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। সকাল ১০টার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘অফিস খোলা থাকলেও ছুটি নিয়ে আগেভাগেই বাড়ি যাচ্ছি। কাল ভিড় বাড়তে পারে। ভোগান্তি থেকে বাঁচতে এক দিন আগেই রওনা হয়েছি।’
এদিকে লঞ্চের যাত্রীরা স্থানীয় বাসে পাটুরিয়া পুরোনো ট্রাক টার্মিনালে এসে নামছেন। এরপর প্রায় আধা কিলোমিটার হেঁটে অথবা রিকশা ও ইজিবাইকে লঞ্চঘাটে এসে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠছেন। অনেকেই ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি ফিরছেন। এসব যানবাহন পাটুরিয়া ঘাটের আগের মোড় থেকে ৫ নম্বর ঘাটে আসছে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে ফেরিতে উঠছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আর বিআইডব্লিউটিএ অনুযায়ী, এই নৌপথে মোট ২২টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম বলেন, পাটুরিয়ায় পর্যাপ্ত ফেরি রয়েছে, তবে ফেরিতে যানবাহন ওঠানামার সময় কিছুটা বেশি লাগছে। আশা করা যাচ্ছে, ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ এই নৌপথ পার হতে পারবে।

Comments
Comments