সিলেটে ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কার
![]() |
| রহমত মারুফ | ছবি: সংগৃহীত |
সিলেটের জৈন্তাপুরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতার নাম রহমত মারুফ, যিনি জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গ্রেপ্তারের আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাটের বাসিন্দা ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফের বিরুদ্ধে মামলা করেন। মামলায় চাঁদা দাবি এবং টাকা দিতে অস্বীকার করায় মারধর ও ট্রাক ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহমত মারুফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক। গত তিন মাস ধরে তিনি জৈন্তাপুর এলাকায় কাজ করছেন। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে মাটিবাহী কয়েকটি ট্রাক রহমত মারুফের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি তাঁর বাবা জামাল আহমদসহ ১০-১২ জনকে নিয়ে ট্রাকগুলোর পথ রোধ করেন।
এ সময় চালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ করা হয় এবং প্রকল্পে কাজ চালিয়ে যেতে হলে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন এবং চালকদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। হামলায় ১০টি ট্রাক ভাঙচুর করা হয়েছে, যাতে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রহমত মারুফকে আটক করে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। স্থানীয়রা জানান, ছাত্রদল পরিচয়ের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেকে সমন্বয়ক হিসেবেও পরিচয় দিতেন তিনি।
সিলেটের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট ও জৈন্তাপুর অঞ্চল) সালমান নূর আলম বলেন, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Comments
Comments