[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বড়াইগ্রামে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশঃ
অ+ অ-
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এই ছবি পোস্ট করে কার্যালয় উদ্বোধনের দাবি করা হয়। তবে কোথায় সেটা উল্লেখ করা হয়নি | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় অস্থায়ী কার্যালয় খুলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরু করার দাবি করা হয়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল আয়োজনের ছবি ও ভিডিও পোস্ট করে স্থানীয় কয়েকজন নেতা এই দাবি করেন। তবে পৌরসভার কোথায় এই কার্যালয়টি খোলা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাতিজা সাইমন পাটোয়ারী শুক্রবার রাতে নিজের ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন। ভিডিওতে জানালাবিহীন টিনশেডের একটি পাকা ঘরে ১৫ থেকে ২০ জন ব্যক্তিকে সামনে ইফতারি নিয়ে বসে থাকতে দেখা যায়। তাঁদের একজন ওই কক্ষের দেওয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি লাগান।

সাইমন পাটোয়ারী ছবি ও ভিডিওর ক্যাপশনে বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেককে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তাঁর নেতৃত্বেই কার্যালয়টি উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে।

নিজের ফেসবুক পাতায় একই ধরনের ছবি ও লেখা পোস্ট করেছেন বড়াইগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতোয়ার রহমান। তবে কেউই তাঁদের পাতায় বড়াইগ্রামের ঠিক কোথায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে, তা জানাননি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, এ ধরনের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে বড়াইগ্রামে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের কোনো খবর তাঁদের কাছে নেই। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যালয় খোলার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন