মুরগি ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার
![]() |
| চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল | ছবি: সংগৃহীত |
হবিগঞ্জের চুনারুঘাটে মুরগিবাহী গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাইয়ের অভিযোগে মো. শাকিল ফারহান মিয়া নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত শাকিল ফারহান চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। সেই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রাণ-আরএফএল গ্রুপের 'হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড'-এর একটি গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাই হয়। অভিযোগ ওঠে, শাকিল ফারহানের নেতৃত্বে একদল যুবক এই ছিনতাইয়ে অংশ নেয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল। সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Comments