নাটোরে রোগাক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি ৩ জন
| নাটোর জেলার মানচিত্র |
নাটোরের গুরুদাসপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস খাওয়ার পর অন্তত ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ক্ষত দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে আবদুল গফুর সরকারের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসী সেটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। মাংস কাটাকাটি, রান্না ও খাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা কয়েক দিন পর থেকেই অসুস্থ হতে শুরু করেন। তাঁদের শরীরে ফোড়ার মতো ফোলা ও ক্ষত তৈরি হলে তাঁরা হাসপাতালে চিকিৎসা নিতে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আলমাছ আলী জানান, চলনালী গ্রামের ছয়জন রোগী হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা বিবেচনায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুটি ‘তড়কা’ রোগে (অ্যানথ্রাক্স) আক্রান্ত ছিল। ওই মাংস খাওয়া বা স্পর্শ করার কারণেই তাঁরাও এই রোগে আক্রান্ত হয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘অসুস্থ গরু জবাই করার বিষয়টি আগে আমাদের জানানো হয়নি। সংরক্ষিত থাকা কিছু মাংস উদ্ধার করে আমরা মাটির নিচে পুঁতে ফেলেছি।’ তিনি আরও জানান, গত বছর উপজেলায় ২৫ হাজার গরুকে তড়কা রোগের টিকা দেওয়া হয়েছিল। এই ঘটনার পর চলনালী গ্রামের প্রায় দুই হাজার গরুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ শুরু হয়েছে।
ভবিষ্যতে কোনো গবাদিপশু অসুস্থ হলে গোপনে জবাই না করে প্রাণিসম্পদ বিভাগকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।
Comments
Comments