হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
![]() |
| সাংবাদিক আনিস আলমগীর | ছবি: আনিস আলমগীরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া |
সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। জামিন চেয়ে তাঁর করা আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১৫ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই মামলায় নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আনিস আলমগীর। শুনানি নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন বিষয়ে রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন উপ-অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।
পরে আইনজীবী আসলাম মিয়া জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট গত ১৯ ফেব্রুয়ারি আনিস আলমগীরের জামিন বিষয়ে রুল দিয়েছিলেন। চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করেছেন আদালত। এর ফলে আনিস আলমগীর নিয়মিত জামিন পেলেন। তবে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। ওই মামলায় তাঁর জামিন আবেদনের ওপর নিম্ন আদালতে আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন আলোচনায় (টক-শো) নানা বক্তব্য দিয়ে তিনি আলোচনায় ছিলেন।

Comments
Comments