গাজীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
![]() |
| অবহেলায় প্রসূতি মৃত্যুর খবরে হাসপাতালে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনেরা। আজ সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এলাকায় লাইফ কেয়ার হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন। তাঁদের অভিযোগ, প্রসূতির মরদেহ ফেলে রেখে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা পালিয়ে গেছেন।
মৃত রুমা আক্তার (২৫) শ্রীপুরের উজিলাব গ্রামের মানিক মিয়ার স্ত্রী। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া তাঁর নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। স্বজনদের দাবি, সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে রুমার মরদেহ রেখে হাসপাতালের লোকজন পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়।
স্বজনরা জানান, রোববার রাত ১০টার দিকে রুমা আক্তারের অস্ত্রোপচার করা হয়। এরপর রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
রুমার বোন কামরুন নাহার জানান, লাইফ কেয়ার হাসপাতালে ভর্তির পর রোববার রাত ১০টায় রুমার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর নবজাতককে বের করে আনা হলেও রোগীর অবস্থা সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি। একপর্যায়ে স্বজনদের না জানিয়েই মাঝরাতে রোগীকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সকালে মৃত অবস্থায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের সামনে রেখে কর্মীরা পালিয়ে যান।
রুমার আরেক স্বজন মানজুমা আক্তারের অভিযোগ, চিকিৎসক ছাড়াই নার্সদের দিয়ে অস্ত্রোপচার করানোর কারণে রোগীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন (জেলা স্বাস্থ্য কর্মকর্তা) মামুনুর রশীদ বলেন, প্রসূতি মৃত্যুর অভিযোগটি তাঁরা পেয়েছেন। শ্রীপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য হাসপাতালে যাবে।
এদিকে ঘটনার পর থেকে হাসপাতালের মালিক পারভেজ বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাই তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। রোগী মৃত্যুর জেরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments
Comments