[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদযাত্রায় ১৭ মার্চের রেলের টিকিট পেতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

প্রকাশঃ
অ+ অ-
ট্রেন টিকিট | ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির ধারাবাহিকতায় ১৭ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরুর পরপরই রেলের ওয়েবসাইট ও মুঠোফোন অ্যাপে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ বার প্রবেশের চেষ্টা (হিট) করা হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।

শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা পথের ট্রেনগুলোর কোনো আসন আর বাকি নেই।

রেলওয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক দিনের তুলনায় আজ টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। ফলে সকালেই বিপুলসংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়। তাঁদের ধারণা, আজ এবং আগামীকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে।

এদিকে টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামের এক যাত্রী লিখেছেন, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও তিনি টিকিট কাটতে পারেননি। টিকিট কাটার আগেই অন্য কেউ সেই আসন নিয়ে নিয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট আগাম বিক্রি করা হচ্ছে। সেই হিসাবে আজ ৭ মার্চ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট, আগামীকাল ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

এদিকে শনিবার বেলা ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে ৩ মার্চ থেকে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন