[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ দুজনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
ফায়ার সার্ভিস ২৪ জনকে জীবিত উদ্ধার করে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মিরপুর-২ নম্বরের 'এলএ প্লাজা' নামের একটি বাণিজ্যিক ভবনে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ১১ তলা ভবনটির ভেতরে থাকা অনেকে ছাদে আশ্রয় নেন, আবার কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস তাঁদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট যোগ দিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, বাণিজ্যিক ভবনটির তৃতীয় তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে অনেকে ছাদে উঠে যান। ফায়ার সার্ভিস টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনটি থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার অভিযান চলাকালে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে ধোঁয়ায় অচেতন অবস্থায় এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল রাত সাড়ে আটটার দিকে জানান, হাসপাতালে নেওয়া ওই দুজনই মারা গেছেন। নিহত পুরুষের নাম রাকিব হাসান, তবে নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন