[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ দুজন; ক্ষতিগ্রস্ত ৪ ভবন

প্রকাশঃ
অ+ অ-
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের শহরের দেওভোগ এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন  

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র (লিকেজ) থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধসহ তিন জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আরমান মিয়ার মালিকানাধীন ওই ভবনের নিচতলায় ঝুটের গুদামে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের চারটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে। আহত ব্যক্তিরা হলেন ঝুট ব্যবসায়ী শিপন হোসেন, তাঁর কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটে ছগির মিয়া।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া সাতটার দিকে দেওভোগ পাক্কারোড গার্মেন্টস গলি সড়কের ওই ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গুদামের দুটি কক্ষ, রান্নাঘরের দেয়ালের অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এ সময় ঝুট ব্যবসায়ী শিপন, কর্মচারী লিটন ও ভাড়াটে ছগির মিয়া গুরুতর আহত হন।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে শিপন ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের তীব্রতায় ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ির জানালার কাচ ভেঙে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর ভবনের নিচতলার ঝুটের গুদামের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। এলাকার আরেক বাসিন্দা আকরাম আলী জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে। এ সময় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহজাহান জানান, তিতাস গ্যাসের পাইপের ছিদ্র (লিকেজ) থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তিনতলা ভবনের নিচতলার রান্নাঘরের চুলার পাইপলাইনের লিকেজ থেকে পুরো ভবনে এবং নিচের নালায় গ্যাস জমে ছিল। সেই জমে থাকা গ্যাস থেকেই তীব্র শক্তিতে এই বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার প্রাথমিক ধারণা, রান্নাঘরের পাইপলাইনের লিকেজটি অনেক দিনের পুরোনো। দীর্ঘদিন ধরে গ্যাস বের হয়ে রান্নাঘরের নিচে ও ড্রেনের ভেতরে জমা হয়েছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন