খাগড়াছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
![]() |
| লাশ উদ্ধারের খবরে ছুটে আসেন নিহত নারীর প্রতিবেশী ও স্বজনেরা। আজ সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত |
খাগড়াছড়ির মানিকছড়িতে রান্নাঘর থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকার একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রাম্রা মারমা (৪১)। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জননী। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায়ও আঘাতের কালো দাগ রয়েছে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।
রাম্রা মারমার মেয়ে আনুমা মারমা জানান, গত সোমবার রাত ১০টার দিকে তিনি ও তাঁর মা রাতের খাবার খেয়ে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান, মা ঘরে নেই। পরে খোঁজাখুঁজি করে রান্নাঘরে পাতা একটি বিছানায় কম্বল মুড়ি দেওয়া অবস্থায় তাঁর মায়ের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
জানতে চাইলে মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কিছু দিয়ে আঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments
Comments