মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে
![]() |
| মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন | ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ |
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের পরিবার তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাঁকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চিকিৎসক এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Comments
Comments