বিএনপি যুগ্ম মহাসচিব এমরান সালেহ নির্বাচনে হেরে জেলা পরিষদের প্রশাসক হলেন
![]() |
| ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। আজ সোমবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ময়মনসিংহ-১ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। তবে দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী এই নেতাকে এবার ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নতুন নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
সৈয়দ এমরান সালেহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি বৃহত্তর ময়মনসিংহের পাঁচ জেলায় দলকে সুসংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে হালুঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এমরান সালেহ কিছুটা চাপে পড়েন এবং ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি উচ্চ আদালতে মামলা করেছেন। গত ৩ মার্চ নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তাঁর আবেদন গ্রহণ করে ব্যালট পেপার ও ফলাফল বিবরণী হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, সৈয়দ এমরান সালেহ নির্বাচিত হলে পূর্ণ মন্ত্রী হবেন—এমন প্রত্যাশা ছিল সবার। তবে নির্বাচনে পরাজিত হওয়ার পর তাঁকে জেলা পরিষদের দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান বলেন, আমরা তাঁকে মন্ত্রী সভায় দেখতে চেয়েছিলাম। তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন। অল্প ভোটে পরাজয়ের বিষয়টি আমরা মেনে নিতে পারছি না, তাই মামলা করা হয়েছে।
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ মন্তব্য করেন, সৈয়দ এমরান সালেহ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন। এই পদটি তাঁর জন্য ছোট হলেও দলের প্রতি আনুগত্যের কারণে তিনি দায়িত্ব নিয়েছেন। নির্বাচিত হলে তিনি পূর্ণ মন্ত্রী হতেন।
সোমবার সকালে ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসানের কাছে দায়িত্ব গ্রহণপত্রে স্বাক্ষর করেন সৈয়দ এমরান সালেহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় দেশের অন্যতম বড় জেলা ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব নিতে রাজি হয়েছি। জেলা পরিষদকে শক্তিশালী ও জনগণের আরও কাছে নিয়ে যেতে আমি কাজ করব। তবে আমি বিশ্বাস করি, এখানে আমার অবস্থান দীর্ঘমেয়াদী হবে না; এটি আদালতের সিদ্ধান্ত ও ব্যালট পুনরায় গণনার ওপর নির্ভর করবে।
সৈয়দ এমরান সালেহ আরও বলেন, জেলা পরিষদের দায়িত্ব পাওয়াকে আমি ব্যক্তিগত ক্ষতিপূরণ হিসেবে দেখছি না। যতক্ষণ এই পদে থাকব, একে জনসেবার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করব। এটি দলের সরকারের প্রতি আমার আনুগত্য এবং নেতৃত্বের আস্থারই বহিঃপ্রকাশ।

Comments
Comments