দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই বললেন আইনজীবী
![]() |
| সাংবাদিক আনিস আলমগীর | ছবি: আনিস আলমগীরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া |
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে আনিস আলমগীর তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পেলেন। তাঁর আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছেন, এর ফলে আনিস আলমগীরের জেল থেকে মুক্তি পেতে আইনি কোনো বাধা নেই।
জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে নিয়ে যাওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছিলেন। বুধবার তিনি এই মামলায় জামিন পেলেন।

Comments
Comments