যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির শর্তগুলো গভীরভাবে পর্যালোচনা দরকার: মাহা মির্জা
![]() |
| উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা। আজ শুক্রবার রাজধানীর বিজয়নগরের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত সেমিনারে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশের স্থানীয় শিল্প ও কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির শর্তগুলো গভীরভাবে খতিয়ে দেখা দরকার বলে মনে করেন উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই চুক্তির ফলে দেশের দুগ্ধ, মুরগি পালন ও প্রাণিসম্পদ খাত দীর্ঘ মেয়াদে বড় চাপের মুখে পড়তে পারে।
রাজধানীর বিজয়নগরের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক’ শীর্ষক এক সেমিনারে মাহা মির্জা এসব কথা বলেন। গণতান্ত্রিক অধিকার কমিটি এই সেমিনারের আয়োজন করে।
মাহা মির্জা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের কৃষি ও প্রাণিজ পণ্য বাংলাদেশের বাজারে ঢোকার বড় সুযোগ পেতে পারে। এতে স্থানীয় দুগ্ধ ও প্রাণিসম্পদ খাত সংকটে পড়ার আশঙ্কা আছে।
সেমিনারে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন সংস্থার (ইউএসডিএ–এফএসআইএস) পরীক্ষিত পণ্য গ্রহণ করার শর্ত রয়েছে। মাহা মির্জা বলেন, এর অর্থ হলো ওই দেশের সংস্থার মানদণ্ডই এখানে প্রধান হিসেবে গণ্য হবে।
যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কেনার শর্তের প্রসঙ্গ তুলে ধরে এই গবেষক বলেন, এসব বিষয় সরাসরি স্থানীয় কৃষি বা প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত না হলেও চুক্তির ভাষা কতটা কঠোর, তা বোঝার জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রসুল।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা।

Comments
Comments