শ্রীপুরে ভাড়া বাসায় গৃহবধূ খুন
![]() |
| নিহত গৃহবধূর লাশ দেখে তাঁর সন্তান ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে শারমিন আক্তার (৩৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার (রুমা) ওই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন এবং সেখানে ভাড়া বাসায় থাকতেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী রতন মিয়া একই এলাকার মরম আলীর ছেলে। ঘটনার পর থেকেই রতন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে শারমিন ও রতনের বিয়ে হয়। এই দম্পতি শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। দুপুরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রতন ধারালো ছুরি দিয়ে শারমিনকে এলোপাতাড়ি আঘাত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments