বাঁশঝাড় থেকে মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার
| লাশ | প্রতীকী ছবি |
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল হোসেন ওই গ্রামের দিনমজুর আবদুল কাদেরের ছেলে। সে সানকিসাইর মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের পর রাত সাড়ে সাতটার দিকে রুবেল তারাবিহর নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনেরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকায় মাইকিং করেও তাকে খোঁজা হয়।
রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে রুবেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শিশুটির বাবা আবদুল কাদের বলেন, তাঁদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কেন তাঁর সন্তানকে হত্যা করা হলো, তা তিনি বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি হত্যাকাণ্ড হয়ে থাকলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
Comments
Comments