সন্দ্বীপে জ্বালানিসংকট, বন্ধ হওয়ার পথে যান চলাচল
![]() |
| স্বাভাবিক সময়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের শব্দে ব্যস্ত থাকত সড়কটি। তবে জ্বালানি সংকটে এখন আর এ দৃশ্য নেই। আজ দুপুরে সন্দ্বীপের ঘাটমাঝির হাট মোড় এলাকা থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
চারদিকে সাগরঘেরা চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ। স্বাভাবিক সময়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের শব্দে সড়ক ব্যস্ত থাকে। তবে এখন আর সেই দৃশ্য নেই। জ্বালানি তেলের সংকটে দ্বীপটিতে যান চলাচল কমে গেছে। এ সংকট চলতে থাকলে পুরো দ্বীপে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সন্দ্বীপে সাধারণত মোটরসাইকেল, পেট্রলচালিত অটোরিকশা, কার ও মিনিবাস চলাচল করে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই বাজারে অকটেন ও পেট্রলের সংকট দেখা দেয়। তবে গতকাল বুধবার বিকেল থেকে সংকট আরও বেড়েছে। পেট্রলচালিত যানবাহনের চালকেরা তেলের খোঁজে দোকান থেকে দোকানে ঘুরছেন। এরপরও তেল পাচ্ছেন না। কোথাও কোথাও পাওয়া গেলেও সেখানে তাঁদের দ্বিগুণ দাম দিতে হচ্ছে।
দ্বীপটির অন্তত ১০ জন চালক জানান, বৃহস্পতিবার সকালে অনেক খুঁজেও তাঁরা তেলের সন্ধান পাননি। আনোয়ার হোসেন নামের এক টেম্পোচালক বলেন, তিনি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেলের জন্য বিভিন্ন বাজারে ঘুরেছেন। কোথাও এক ফোঁটা তেল পাননি। এর মধ্যে একজনের কাছ থেকে জানতে পেরেছিলেন, গুপ্তছড়া বাজারে ২০০ টাকায় পেট্রল বিক্রি হচ্ছে। উপায় না পেয়ে তিনি বেশি দামেই কিনতে গিয়েছিলেন। তবে সেখানে গিয়েও পাননি।
অটোরিকশাচালক মো. আরিফ বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে আগামীকাল শুক্রবার থেকে রাস্তায় কোনো গাড়ি থাকবে না। আমাদের কী হবে, জানি না। আমাদের আয় করার অন্য কোনো পথ নেই।’
সন্তোষপুর ইউনিয়নের জ্বালানি তেল বিক্রেতা আহমেদ সুমন বলেন, ‘ঈদের আগেই আমার তেল আসার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত আসেনি। কবে আসবে, তাও জানি না। এ কারণে চাহিদামতো তেল কাউকে দিতে পারছি না।’
জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, এই সংকট কাটাতে তিনি চেষ্টা করছেন। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments