[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আসাদ গেটে তেল নিয়ে বাগ্‌বিতণ্ডা, পিস্তল বের করলেন সাংবাদিক

প্রকাশঃ
অ+ অ-
পাম্পের কর্মীর ওপর খেপে গিয়ে পিস্তল বের করেন তিনি | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর আসাদ গেট এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়িতে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পিস্তল বের করেছেন এক সাংবাদিক। রোববার বেলা তিনটার দিকে সোনার বাংলা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এ কর্মরত। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত গাড়িতে তেল নেওয়ার সময় পাম্পের এক কর্মচারীর সঙ্গে ওই ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই কর্মচারীর দিকে তেড়ে যান এবং কোমর থেকে পিস্তল বের করেন। এ সময় উপস্থিত লোকজন জড়ো হয়ে যান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে সৈয়দ মাহমুদুল ইল্লাহ সোমবার প্রথম আলোকে বলেন, তিনি ব্যক্তিগত গাড়িতে তেল নিতে পাম্পে গিয়েছিলেন। পাম্পের কর্মী তাঁকে ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি ট্যাংক পূর্ণ করে দিতে বলেন। কিন্তু কর্মী তা অস্বীকার করেন। তখন তিনি সাংবাদিক পরিচয় দিলে ওই কর্মী তাঁকে গালাগালি করেন। পরে তাঁকে মারতে আসলে তিনি আত্মরক্ষার্থে অস্ত্র প্রদর্শন করেন বলে দাবি করেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশেও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত গাড়িতে দিনে সর্বোচ্চ ১০ লিটার তেল দেওয়ার নিয়ম রয়েছে। গত শুক্রবার থেকে পাম্পগুলো এই নিয়ম মেনেই তেল বিক্রি করছে।

পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, পাম্পের কর্মী সরকারি নিয়ম অনুযায়ী ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চেয়েছিলেন। কিন্তু ওই সাংবাদিক নিয়ম ভেঙে পুরো ট্যাংক ভর্তি তেল দাবি করেন এবং একপর্যায়ে পিস্তল বের করেন। ঘটনাস্থলে উপস্থিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে পরিস্থিতি শান্ত করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন