[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এমপির স্ত্রীকে প্রধান অতিথি করা নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি ল্যান্ড বদলি

প্রকাশঃ
অ+ অ-
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া গত ২৬ ফেব্রুয়ারি বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন | ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে একটি প্রশাসনিক সভায় সংসদ সদস্যের (এমপি) স্ত্রীকে প্রধান অতিথি করা নিয়ে বিতর্কের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি—এসি ল্যান্ড) বদলি করা হয়েছে। তবে জেলা প্রশাসকের দাবি, সভার কারণে এই বদলি করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়।

গত রোববার এক প্রজ্ঞাপনে বাহুবলের ইউএনও লিটন দে-কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই দিনে বাহুবলের এসি ল্যান্ড মাহবুবুল আলমকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বিষয়টি সোমবার জানাজানি হয়।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই তথ্য জানানো হয়েছে। তবে আদেশে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়া (রুটিন ওয়ার্ক)। সভার কারণে তাঁদের বদলি করা হয়েছে বলে যে কথা উঠেছে, তা ঠিক নয় বলে তিনি দাবি করেন।

২৬ ফেব্রুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া প্রধান অতিথির আসনে বসেন এবং বক্তব্য দেন।

সভার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার এক পাশে ইউএনও লিটন দে এবং অন্য পাশে এসি ল্যান্ড মাহবুবুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বসে আছেন।

সরকারি প্রশাসনিক সভায় কোনো জনপ্রতিনিধির পরিবারের সদস্যের উপস্থিতি এবং তাঁকে প্রধান অতিথির আসনে বসানো নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। সমালোচকদের মতে, সরকারি নিয়ম অনুযায়ী প্রশাসনিক সভায় অতিথিদের তালিকা ও আসন বিন্যাস নির্দিষ্ট থাকে। সেখানে নির্বাচিত নন এমন কোনো ব্যক্তির প্রধান অতিথির আসনে বসা শোভন নয়।

বদলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সভার পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন