শিকড় ভুলে গেলে তা উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
![]() |
| হেমায়েতপুর মণ্ডলপাড়ায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বক্তব্য দিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
যারা শিকড় ভুলে যায়, তাদের শিকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
সোমবার দুপুরে পাবনার হেমায়েতপুরের মণ্ডলপাড়ায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ‘যাঁরা প্রশ্ন করেন আমরা কেন মাঠে-ঘাটে গিয়ে খাল খনন করছি, তাঁদের বলতে চাই—আমাদের শিকড় ভুলে গেলে চলবে না। আমরা যারা শিকড় ভুলে যাই, তাদের শিকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বারবার ফিরে আসে।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই পারিবারিক কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনরায় খনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মণ্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করা, শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহার এবং প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন বৃদ্ধিসহ নানা প্রয়োজনে খালটি খনন করা হচ্ছে।
এর আগে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব আইনজীবী মাসুদ খন্দকার এবং পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Comments