কাউকে অনাচার বা চাঁদাবাজি করতে দেওয়া হবে না: সালাহউদ্দিন আহমদ
![]() |
| নেতা–কর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ। গতকাল রাত পৌনে ১০টায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
‘সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। মানুষের সঙ্গে কেউ কোনো রকম অনাচার করতে পারবেন না। কোনো উশৃঙ্খলতা বা চাঁদাবাজির খবর যাতে না শুনি। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’ রোববার রাতে কক্সবাজারের চকরিয়ায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্থানীয় সংসদ সদস্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর গতকাল দুপুরে প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় যান সালাহউদ্দিন আহমদ। রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় অবস্থান করেন তিনি। এ সময় সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসা স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ মনে করে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তারা শান্তিতে থাকতে পারছে। মানুষ উন্নয়ন, শৃঙ্খলা ও শান্তি পাবে। আপনারা সবাই জনগণের বন্ধু হিসেবে কাজ করেন এবং প্রশাসনকে সহায়তা করেন। উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আপনারা পরামর্শ দেবেন, বাকিটা আমি দেখব।’
চকরিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজের গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন সালাহউদ্দিন আহমদ। এ সময় কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। পরে বেলা পৌনে তিনটার বিমানে তিনি ঢাকা ফিরবেন।

Comments
Comments