কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
![]() |
| ছিনতাই | প্রতীকী ছবি |
ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের বড় মনোহরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ব্যবসায়ীর নাম ছানা (৫২)। তিনি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামের বাসিন্দা এবং আটিবাজার এলাকায় তার একটি স্বর্ণের দোকান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দোকান বন্ধ করে ছানা বাড়ির দিকে রওনা হন। রাত পৌনে ১০টার দিকে বড় মনোহরিয়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন তার পথ আটকায়। তারা তাকে লক্ষ্য করে গুলি চালালেও ভাগ্যক্রমে তিনি গুলিবিদ্ধ হননি। তবে পরে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, “হঠাৎ চারজন এসে তাকে আক্রমণ করে। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে।”
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, দুর্বৃত্তরা স্বর্ণালংকার পাওয়ার আশায় ব্যাগটি ছিনতাই করেছিল। তবে জানা গেছে, ওই ব্যাগে দোকানের চাবি ছাড়া মূল্যবান আর কিছু ছিল না। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments
Comments