নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন
![]() |
| শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ পাওয়ার গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে পুড়ে গেছে ট্রান্সফরমার | ছবি: পদ্মা ট্রিবিউন |
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে একটি ৩৫/৫০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের বিদ্যুৎ রূপান্তরক (ট্রান্সফরমার) সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্য একটির বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বন্দর, নবীগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁ বিদ্যুৎ উপকেন্দ্র থেকে আংশিক বিদ্যুৎ নিয়ে কিছু এলাকায় সরবরাহ শুরু করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মদনগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এতে বন্দর ও নবীগঞ্জসহ আশপাশের এলাকা অন্ধকারে ডুবে যায়। আগুনে উপকেন্দ্রটির দুটি ৩৫/৫০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের বিদ্যুৎ রূপান্তরক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্যটির বৈদ্যুতিক তার পুড়ে গেছে।
স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে সোনারগাঁ বিদ্যুৎ উপকেন্দ্র থেকে আংশিক বিদ্যুৎ নিয়ে রাত সাড়ে ১১টার দিকে কিছু এলাকায় সরবরাহ করা হচ্ছে।
বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ পারভেজ ভূঁইয়া জানান, মদনগঞ্জ বিদ্যুৎ গ্রিডের একটি ৩৫/৫০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের বিদ্যুৎ রূপান্তরক (ট্রান্সফরমার) সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উপকেন্দ্রটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে সোনারগাঁ উপকেন্দ্র থেকে সীমিত বিদ্যুৎ নিয়ে রাত সাড়ে ১১টার দিকে কিছু এলাকায় সরবরাহ শুরু করা হয়েছে। সাময়িকভাবে পর্যায়ক্রমে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) করে সরবরাহ চালু রাখা হবে।
মোহাম্মদ পারভেজ ভূঁইয়া আরও বলেন, উপকেন্দ্রের বিদ্যুৎ রূপান্তরক বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত শেষে শনিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Comments
Comments