[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হোমনায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

প্রকাশঃ
অ+ অ-
অপহরণ | প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় চাঁদা না পেয়ে আকতার হোসেন (৫২) নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আল আমিন সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আল আমিন হোমনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোড পশ্চিমপাড়ার বাসিন্দা।

ভুক্তভোগী ব্যবসায়ী আকতার হোসেন জানান, গত মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে ব্যাটারিচালিত রিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী মজিবুর রহমানের কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে আকতার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে চরেরগাঁও কবরস্থানের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর ও নির্যাতন করে তাঁর মুঠোফোনে থাকা ৪ হাজার ৬০০ টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর বিকেল চারটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় বুধবার দুপুরে আকতার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেপ্তার আল আমিনকে বুধবার বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন