নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন
![]() |
| নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত বাংলাদেশি আব্দুর জব্বার | ছবি: পদ্মা ট্রিবিউন |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভূমিমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের গোড়ালি থেকে নিচের অংশটি উড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
আহত আবদুল জব্বার উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠুরিয়া। তাঁকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দোছড়ি ইউনিয়নের পাইনছড়া গ্রামটি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। গত শুক্রবার ওই এলাকার সাত থেকে আটজন কাঠুরিয়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কাঠ কাটতে গিয়েছিলেন। এ সময় শূন্যরেখার কাছে একটি মাইন বিস্ফোরণে আবদুল জব্বার আহত হন। বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত অংশটি শরীর থেকে আলাদা হয়ে উড়ে যায়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে।
মাইন বিস্ফোরণে আবদুল জব্বার আহত হওয়ার বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২০১৭ সাল থেকে এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্তত ৬৩ জন মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এবং পা হারিয়েছেন ৪৮ জন। বাকিদেরও বিভিন্ন অঙ্গহানি হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে ২০২৪ ও ২০২৫ সালে। ২০২৪ সালে ১০ জন এবং গত বছর ১৮ জন হতাহত হয়েছেন।

Comments
Comments