মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
![]() |
| মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মনিরুজ্জামানের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় এবং তাঁর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। একই সঙ্গে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এর আগেও বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামের একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Comments
Comments