খুলনা বার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিএনপিপন্থী আইনজীবী প্যানেল
![]() |
| খুলনা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম ও সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সমিতির সদস্যবৃন্দ | ছবি: পদ্মা ট্রিবিউন |
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেল। সভাপতি পদে জয়ী হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম (রশিদ), আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা মশিউর রহমান (নান্নু)।
রোববার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিষদের চেয়ারম্যান সেখ আবদুল আজিজ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম ৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাচ্চু মিয়া পেয়েছেন ২৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান ৫৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সফিউল আলম পেয়েছেন ২৮৬ ভোট।
সহসভাপতি পদে মো. মহসিন চৌধুরী ৪২০ ভোট ও মোশারফ হোসেন ৪০৫ ভোটে জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান ৪৬০ ভোটে, সম্পাদক (পাঠাগার) পদে জয়দেব কুমার সরকার ৪৮৫ ভোটে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা ৪৯৮ ভোটে জয় পেয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য পদে বিজয়ীরা হলেন শেখ সোহান ইসলাম ৬০২ ভোট, শাজাহান ঠাকুর ৫৭৬ ভোট, নারায়ণ কুমার মণ্ডল ৫২১ ভোট, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা ৫১১ ভোট, শাকিরা ফেরদৌস রিমি ৪৯২ ভোট, মোহাম্মদ আশিকুজ্জামান ৪৬৯ ভোট ও স্বর্ণালী দাস ৪৪৭ ভোটে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী ও সম্মিলিত পরিষদ—মোট চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Comments
Comments