[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রীপুরে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ

প্রকাশঃ
অ+ অ-
গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানার সামনে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টা ধাওয়া ও দেশি অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে | ছবি : ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দেশি অস্ত্রের মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ায় কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার ওই কারখানার সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এবং সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। দুই পক্ষের লোকজনের হাতেই লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুই পক্ষের লোকজন সেখান থেকে সরে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নজরুল ইসলাম দাবি করেন, জাহাঙ্গীর সিকদার ও জনিসহ তাঁরা চারজন কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহের কাজ করছেন। মঙ্গলবার শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দীন সরকারের লোকজন এসে বাধা দেন। এ সময় তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়, যাতে তাঁদের চারজন শ্রমিক আহত হন।

এই অভিযোগ অস্বীকার করে সালাউদ্দিন সরকার বলেন, তাঁর ছেলে মাসুম সরকারের সঙ্গে নেসলে কোম্পানির লিখিত চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী তাঁরা দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহ করে আসছেন। কিন্তু মঙ্গলবার হঠাৎ নজরুল ইসলামের লোকজন এসে এই কাজে বাধা দেন এবং জোরপূর্বক শ্রমিক সরবরাহ করতে চান। একপর্যায়ে নজরুল ইসলামের লোকজনই হামলা চালান। পরিস্থিতি সামাল দিতে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। এরপর হামলাকারীরা চলে যায়।

সালাউদ্দিন সরকার আরও অভিযোগ করেন, নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরেই চুক্তি না থাকা সত্ত্বেও জোরপূর্বক শ্রমিক সরবরাহের কাজ দখলে নেওয়ার চেষ্টা করছেন।

এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। একটি দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন