[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চার দিন ধরে নিখোঁজ ভৈরবের জনতা ব্যাংক কর্মকর্তা

প্রকাশঃ
অ+ অ-
জনতা ব্যাংক ভৈরব শাখার কর্মকর্তা আলমগীর হোসেন | ছবি: সংগৃহীত

অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ভৈরবে জনতা ব্যাংকের এক কর্মকর্তা চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশ চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি। নিখোঁজ ওই কর্মকর্তার নাম মো. আলমগীর হোসেন। তিনি জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর লম্বাহাটি গ্রামে। পাঁচ বছর আগে তিনি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারকে বিয়ে করেন। এই দম্পতির একটি সন্তান রয়েছে এবং তাঁরা কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। তাছলিমা ভৈরবের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত রোববার সকাল সাড়ে আটটায় অফিস যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন আলমগীর। পরে ব্যাংক থেকে জানানো হয় যে তিনি অফিসে যাননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

এই ঘটনায় ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলমগীরের স্ত্রী তাছলিমা আক্তার। তিনি জানান, স্বামীকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না এবং তাঁর ফোনের সংযোগও বিচ্ছিন্ন। বিশেষ কোনো সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নে তাছলিমা বলেন, স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক ভালো নয়। আলমগীর একবার বলেছিলেন যে তিনি নিখোঁজ হয়ে যাবেন, তাঁকে খুঁজেও পাওয়া যাবে না।

জনতা ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আসাব উদ্দিন বলেন, ‘গত রোববার অফিসের সময় পার হয়ে গেলেও আলমগীর সাহেব আসছিলেন না। পরে তাঁর স্ত্রীর কাছে খোঁজ নিই। ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।’

থানায় জিডি হওয়ার পর বিষয়টি তদন্ত করছেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আসিবুল হক ভূঁইয়া। তিনি বলেন, ওই ব্যাংক কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ফোনকল পরীক্ষা করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় আরও কিছু দিক খতিয়ে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন