[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে ইমামকে কোপানোর পর ছোট ভাইয়ের ওপর হামলা

প্রকাশঃ
অ+ অ-
সংঘর্ষ | প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার পরদিন তাঁর ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার বেলা দুইটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়ের জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর জখম করে। এর পরদিন গত শনিবার রাতে তাঁর ছোট ভাইয়ের ওপরও অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে ইমাম আবুল খায়ের গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার এক দিন পর গত রাত আটটার দিকে আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর রাস্তায় হামলা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ইয়াকুব আলীর অভিযোগ, হামলাকারীদের মধ্যে মিরাজ, তাঁর ছেলে মেহেদী, সাইফুলসহ কয়েকজন ছিলেন। তাঁরা আগের দিন তাঁর বড় ভাইয়ের ওপর হামলায় জড়িত ছিলেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন