[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচনে কারচুপি ও সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় নগরের হালিমা খাতুন বিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলের নেতাদের পরিকল্পিতভাবে (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নাসীরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও দিনাজপুরের আহাদের ফলাফল কারচুপি করে বদলে দেওয়া হয়েছে। এছাড়া ১১ দলের আরও অনেক নেতাকে একইভাবে হারানো হয়েছে।

রোববার সন্ধ্যায় বরিশাল নগরের হালিমা খাতুন বিদ্যালয়ে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম জানান, নির্বাচনে কারচুপি হওয়া সত্ত্বেও গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তাঁর দল ও জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকার গঠন করা দলটি নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার গঠনের এক মাসও হয়নি, কিন্তু দেশ ভুল পথে এগোচ্ছে। বাংলাদেশ ব্যাংকে বিশৃঙ্খলা (মব) সৃষ্টি করে তা দখলের চেষ্টা হচ্ছে। ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়া হয়েছে এবং দুদকের মতো স্বাধীন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা চলছে। দেশে এমন অবস্থা তৈরি হচ্ছে যে চাঁদাবাজকে চাঁদাবাজ বললে উল্টো আপনার বিরুদ্ধেই মামলা হবে। তারা পুরোনো কায়দায় হামলা-মামলা ও জুলুমের পথ বেছে নিচ্ছে, কিন্তু ভুলে গেছে যে আমরা এই জুলুম উপেক্ষা করেই গণ-অভ্যুত্থান করেছি।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ সংস্কার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে, কিন্তু সরকার এটি এড়ানোর ফন্দি আটছে। তারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টিকে আদালতে নিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন না করা হলে আমরা অধিকার রক্ষায় আবারও রাজপথে নামব। চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কারবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’

দেশে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষ পাম্পে ঘণ্টা পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না, অথচ সরকারি দলের লোক ও কর্মকর্তারা ঠিকই তেল পাচ্ছেন। এছাড়া তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে একজন ‘অযোগ্য ও দলীয়’ ব্যক্তিকে নিয়োগ দিয়ে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আদীব) ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন। নাসীরউদ্দীন পাটওয়ারী বিএনপির নেতৃত্বের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ থেকে সরে গেলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন