[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

প্রকাশঃ
অ+ অ-
আবিদা ইসলাম | ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথম কোনো বিদেশি মিশনের প্রধানের দায়িত্বে পরিবর্তন আনছে বিএনপি। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার রাতে লন্ডনে পৌঁছে তিনি এই তথ্য দেন।

স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেওয়ার সময় বিষয়টিকে ‘সুখবর’ হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে সরিয়ে দেওয়ার দাপ্তরিক আদেশ এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম চ্যানেল ২৪-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হুমায়ুন কবীর সাংবাদিকদের বলছেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হলো যে, হাইকমিশনার লন্ডনে এতদিন বিভেদমূলক আচরণের মাধ্যমে প্রবাসীদের বিভক্ত করে রেখেছেন। তিনি এই হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় আস্তানায় পরিণত করেছেন, প্রবাসীদের স্বার্থ দেখেননি এবং বাংলাদেশের স্বার্থও রক্ষা করেননি। এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।’

এরপর তিনি পরিষ্কারভাবে জানান, হাইকমিশনার আবিদা ইসলামকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদেশি মিশনগুলোতে পরিবর্তনের অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে এই দায়িত্ব দিয়েছিল। এর আগে লন্ডন মিশনে থাকা আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সরিয়ে দেওয়ার পর তিনি এই দায়িত্ব পান। তখন তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন।

মেক্সিকোতে যাওয়ার আগে অভিজ্ঞ কূটনীতিক আবিদা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী উপ-হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবীর। এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন