[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুদসহ টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের জলকামান

প্রকাশঃ
অ+ অ-
পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী আজ বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে জলকামান ব্যবহার করে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী | ছবি: পদ্মা ট্রিবিউন    

সুদসহ আমানতের পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এই পাঁচটি ব্যাংক মিলিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া চলছে। এই ব্যাংকের আমানতকারীরা তাঁদের ন্যায্য পাওনার দাবিতে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন। এসব ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ব্যাংকিং ভাষায় ‘হেয়ার কাট’ হিসেবে পরিচিত।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে আমানতকারীরা অভিযোগ করেন, সাবেক গভর্নরের নেওয়া ৪ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্তটি অমানবিক ও অন্যায্য। তাঁরা জানান, বর্তমানে অনেক আমানতকারী ব্যাংক থেকে মূলধন বা মুনাফা কোনোটিই তুলতে পারছেন না, যার ফলে তাঁরা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী আজ বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের প্রধান সড়কে বিক্ষোভ করেন | ছবি: পদ্মা ট্রিবিউন    

আন্দোলনরত আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে মুনাফাসহ পুরো আমানতের অর্থ ফেরত দেওয়ার জোর দাবি জানান। একইসঙ্গে তাঁরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে দ্রুত স্বাভাবিক লেনদেন শুরু করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে নেওয়া হয়েছে। এর বদলে মাত্র ৪ শতাংশ ‘সরকারি অনুকম্পা’ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা অত্যন্ত অমানবিক। এই অন্যায্য সিদ্ধান্ত আমানতকারীরা কোনোভাবেই মেনে নেবেন না।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি মানা না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন