কুমিল্লায় গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
| ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে গ্যাসের চুলা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার ইফতারের আগে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন ভূঁইয়া (৪৮)। তিনি ওই গ্রামের আবদুল মালেক ভূঁইয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া এলাকা থেকে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের চুলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া বড় ভাই বিল্লালকে ছুরিকাঘাত করেন। বড় ভাইয়ের মৃত্যুর পর আনিসুর দ্রুত গ্রাম ছেড়ে পালিয়ে যান।
এদিকে বিল্লালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাতে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসালয়ের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ভাইকে ধরার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বের কারণেই ছোট ভাই তার আপন ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।
Comments
Comments