[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-
সংবাদ সংগ্রহ করতে গেলে বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলামঘরের সামনে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার চত্বরে আজ শুক্রবার মানববন্ধন করেন সাংবাদিকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন   

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা শহরের আখড়া বাজার চত্বরে ‘কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলামঘরের সামনে হামলায় আহত হন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম (ফয়সাল) ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া (পিংকু)। এ ঘটনায় ফয়জুল ইসলাম গতকাল রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আটজনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দান করা বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কম দামে এসব সামগ্রী কিনে নেয় বলে অভিযোগ ছিল। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে চারজন সাংবাদিক সেখানে যান। এ সময় ওই সিন্ডিকেটের লোকজন সংঘবদ্ধ হয়ে 'মব' সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, এই নৃশংস হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, বরং এটি স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। তাঁরা দ্রুত সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত জীবন ও মনা নামের দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন