জুরাছড়িতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ নেতাকর্মীর পদত্যাগ
![]() |
| জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) |
রাঙামাটির জুরাছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর এই গণপদত্যাগের ঘটনা ঘটল। সোমবার এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা কমিটির আহ্বায়কসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠিয়েছেন।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের এই কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছিল জেলা কমিটি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তাঁরা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাঁদের মনে হয়েছে। দলের বর্তমান অবস্থানের সঙ্গে তাঁদের আদর্শিক মিল না থাকায় তাঁরা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
অসিম চাকমা বলেন, ‘দলের বর্তমান আদর্শ লালন করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই আমি সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি।’ তবে কোনো রাজনৈতিক দলের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন।
এনসিপির রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জুরাছড়ি উপজেলা কমিটির এই গণপদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেতাদের কাছ থেকে তিনি বিষয়টি শুনেছেন। তবে পদত্যাগপত্রটি সাংগঠনিক নিয়ম মেনে জমা দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তিনি আরও বলেন, ‘যদি জোটের কারণে তাঁরা পদত্যাগ করতেন, তবে তা নির্বাচনের আগেই করতেন। নির্বাচনের পরে পদত্যাগ করায় আমাদের ধারণা, এর পেছনে কোনো রাজনৈতিক চাপ থাকতে পারে।’ তবে এই গণপদত্যাগে সংগঠনের ওপর বড় কোনো প্রভাব পড়বে না এবং দ্রুতই নতুন কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

Comments
Comments