চলন্ত বাসে আগুন, জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচলেন যাত্রীরা
![]() |
| নড়াইল এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস আগুনে ভস্মীভূত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
যশোর সদর উপজেলায় ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বাসটি দাউ দাউ করে জ্বলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। বাসটি বিকট শব্দে বন্ধ হয়ে যায়। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বের হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, যশোর থেকে বাস ছাড়ার আগে চালক বাসটির ইঞ্জিনে ত্রুটির কথা মালিকদের জানিয়েছিলেন। তারপরও মালিকদের জোরাজুরিতে বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Comments
Comments