সুনামগঞ্জে হাওর থেকে নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার
![]() |
| আবদুল্লাহ আল মামুন | ছবি: সংগৃহীত |
প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে গিয়েছিল শিশু আবদুল্লাহ আল মামুন (৮)। তিন ঘণ্টা পর হাওরের ধানখেতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। বুধবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
বিকেলে শিশুটির বাবা, উত্তর কোরিয়াপ্রবাসী মোস্তাক আহমদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি ছেলের জন্য বিলাপ করছিলেন। সেখানে তিনি বলেন, মামুন দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে গিয়েছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন অন্য দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে চলে গেছে। সন্ধ্যার আগেই হাওরের একটি ধানখেতে তার লাশ পাওয়া যায়।
ভিডিওতে মোস্তাক আহমদ বলেন, ‘আমার ছেলেটা খুব ভালো পড়াশোনা করত। কে তাকে মারল? আমি ১২ থেকে ১৩ ঘণ্টা পরিবারের জন্য বিদেশে পরিশ্রম করি। আমার মা-বাবা অসুস্থ। আমার ছেলের খুনিদের ধরার জন্য প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানাই।’
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মামুন সবার বড় ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম তালুকদার জানান, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Comments
Comments