অচেতন অবস্থায় উদ্ধারের পর মোটরসাইকেল আরোহীর মৃত্যু
| লাশ | প্রতীকী ছবি |
চট্টগ্রাম নগরের মুরাদপুর উড়ালসড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মোহাম্মদ ফরিদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উড়ালসড়কের ২ নম্বর গেট অংশ থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফরিদ বায়েজিদ এলাকার বাসিন্দা। গত রাতে মুরাদপুর উড়ালসড়কে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে সময় তাঁর পরনে ‘ফুডপ্যান্ডা’র পোশাক ছিল। স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের একজন ইয়াহিয়া হান্নান বলেন, ‘আমরা কয়েকজন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে উড়ালসড়কে পড়ে থাকতে দেখি। শুনেছি প্রায় ২০ মিনিট ধরে তিনি সেখানে পড়ে ছিলেন। আমরা দেখামাত্রই তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি বায়েজিদ এলাকার বাসিন্দা। তিনি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে (ফুডপ্যান্ডা) কাজ করতেন বলে জানা গেছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments
Comments